যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে বাংলাদেশি পণ্যের শুল্ক ১৫% থেকে বেড়ে ৩৭% হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যার বড় অংশই তৈরি পোশাক। নতুন শুল্ক নীতির কারণে এই খাতে বড় ধাক্কা আসতে পারে।
ট্রাম্প এই শুল্ক আরোপকে ‘অর্থনৈতিক স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতের ওপর ২৬%, পাকিস্তানের ওপর ২৯% এবং চীনের ওপর ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পণ্যের ওপরও বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্তকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের শিল্পকে পুনরুজ্জীবিত করবে।






















































