ভারতের বিপক্ষে জয়ের আশায় হামজা চৌধুরী: “দেশের জন্য এটা বড় ম্যাচ”

0
94

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নির্ধারিত ফ্লাইট মিস করায় সোমবার দুপুরের বদলে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে সরাসরি এসে উঠেছেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে অবস্থান করছে পুরো জাতীয় দল।

হোটেলে পৌঁছে ভিডিও বার্তায় সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেন,
“দারুণ অভ্যর্থনা পেয়েছি। আবারও ঢাকায় ফিরে আসতে পেরে খুশি লাগছে। ভারতের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য বড় সুযোগ। এর আগে নেপালের সঙ্গে একটা ওয়ার্ম-আপ ম্যাচ আছে, সবাইকে ইতিবাচক থাকতে হবে।”

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ভারতের বিপক্ষেই গত মার্চে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এবার আবার সেই প্রতিপক্ষকে সামনে পেয়ে তিনি রোমাঞ্চিত,
“সবশেষ ম্যাচে আমরা জিততে পারিনি, কিন্তু উন্নতি দেখিয়েছি। ইনশাআল্লাহ, ভারতের সঙ্গে আমরা জিতব। দেশের জন্য এটা বড় ম্যাচ—সবাই রোমাঞ্চিত।”

বর্তমানে চার ম্যাচে দুই ড্র ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত। ফলে দুই দলেরই এবারের এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হয়ে গেছে।

তবুও দেশের গর্বের লড়াই হিসেবে ভারত ম্যাচটিকে দেখছে পুরো দল। হামজার ভাষায়,
“দেশের হয়ে মাঠে নামার অনুভূতি আলাদা। এই ম্যাচটা জিততে আমরা সবটা দেব।”

Previous articleনাশকতার মামলায় নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩২ নেতা–কর্মী কারাগারে
Next article‘আমরা প্রতিহিংসা চাই না, শান্তি চাই’ — ফখরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here