ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ চার অধ্যাদেশ অনুমোদন

0
58

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬সহ চারটি অধ্যাদেশের খসড়া ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত অধ্যাদেশগুলো হলো—ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ বনজ শিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্বেগ বিবেচনায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে ডাটা লোকালাইজেশন সংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়েছে। এখন শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেশে ডাটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, এসব পরিবর্তনের ফলে দেশে-বিদেশে বিনিয়োগ এবং ক্লাউডভিত্তিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে। পাশাপাশি বোর্ডে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান যুক্ত করা হয়েছে।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি-৩) ভূতাপেক্ষ অনুমোদন পেয়েছে। এতে ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।


Previous articleশান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন
Next articleগণভোট নিয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে এনজিও ব্যুরোর কর্মশালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here