গণভোট নিয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে এনজিও ব্যুরোর কর্মশালা

0
114

আসন্ন গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং এ বিষয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) সক্রিয়ভাবে মাঠপর্যায়ে কাজ করবে। এ লক্ষ্যে এনজিওগুলোর জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এনজিও বিষয়ক ব্যুরো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মশালায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মশালায় দেশের প্রায় ৪০০টি এনজিওর প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় গণভোটের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য এবং ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়। এনজিওগুলো কীভাবে তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া কমিউনিটি রেডিও, জনসভা ও অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও পরিদর্শন) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, গণভোটে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এনজিওগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, গণভোটের ক্ষেত্রেও তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেজেন্টেশনে জানানো হয়, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংসদে উচ্চকক্ষ গঠন এবং মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়গুলো উল্লেখযোগ্য। অন্যদিকে ‘না’ ভোট জয়ী হলে এসব পরিবর্তনের সুযোগ থাকবে না।

জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে প্রচারণা চালাতে এনজিও প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়। একই এলাকায় একাধিক প্রচারণা এড়ানো এবং দুর্গম এলাকায় কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Previous articleব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ চার অধ্যাদেশ অনুমোদন
Next articleওসমান হাদি হত্যা: মামলার বাদীকে ১২ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here