সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পে–স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত বর্তমান নয়, পরবর্তী সরকারই নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “আরেকটা পে–কমিশনের ব্যাপার আছে, তবে এখন কিছু বলা যাচ্ছে না। আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। পরবর্তী সরকার হয়তো সেটি অনুমোদন দিতে পারে।”
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং চালের দাম এখন সহনীয় পর্যায়ে আছে। তবে খাদ্যবহির্ভূত খাতে, বিশেষ করে যাতায়াত খরচ ও বাড়িভাড়ায়, ব্যয় বেড়েছে বলে স্বীকার করেন তিনি।
বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ইউরিয়া ও টিএসপি সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধ চাল আমদানির ব্যবস্থাও চলছে। সার্বিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার।”
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।























































