বিদ্যমান দলগুলো দেশ পুনর্গঠনে ব্যর্থ বলেই এনসিপির জন্ম: নাহিদ ইসলাম

0
94

নড়াইল প্রতিনিধি

বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি দেশ পুনর্গঠন করতে পারত, তাহলে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ গঠনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা নতুন দল গড়তে চাইনি, চাইছিলাম দেশটাকে নতুনভাবে গড়তে।”

আজ বৃহস্পতিবার বিকেলে নড়াইলে আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়।

নাহিদ বলেন, “এনসিপি কোনো ভবন থেকে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে রাজপথে ছাত্র-তরুণ-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। গত বছরের জুলাই-আগস্টে আমরা নিজেদের জীবন দিয়ে এই গণঅভ্যুত্থান করেছিলাম। সে সময় নড়াইলেরও কয়েকজন শহীদ হয়েছিলেন। কিন্তু আজও আমরা তাঁদের আত্মত্যাগের যথাযথ সম্মান দেখাতে পারিনি।”

তিনি বলেন, “যারা বলে এই অভ্যুত্থান শুধু ক্ষমতার জন্য ছিল, তারা আমাদের লড়াইয়ের গভীরতা বোঝে না। আমরা স্বপ্ন দেখেছিলাম, এই দেশটা মৌলিকভাবে বদলাব। কিন্তু গত এক বছরে আমরা বিচার, সংস্কার কিংবা নতুন সংবিধানের কোনো একটিও বাস্তবায়ন করতে পারিনি।”

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে নাহিদ বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি, কীভাবে দলগুলো কেবল আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই বুঝেছি, আমাদের তরুণদের নিজেদের শক্তি দিয়ে বিকল্প পথ গড়তে হবে।”

তিনি আরও বলেন, “নড়াইলবাসীসহ দেশের মানুষ এখন নতুন নেতৃত্ব চায়। আমরা সেই নতুন নেতৃত্বের প্রতিনিধিত্ব করতে চাই, যারা সত্যিই জনগণের কথা বলবে।”

নাহিদ ইসলাম ঘোষণা দেন, আগস্ট মাসে শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রকাশের মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক লক্ষ্য ও সংস্কার রূপরেখা দেশবাসীর সামনে উপস্থাপন করবে।

Previous articleসাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া: সবুজ পরিবেশ আর সুস্থ জীবনের বার্তা নিয়ে পথে মো. সাইফুল ইসলাম
Next articleতানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here