বাংলাদেশের ক্লাব ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করল বসুন্ধরা কিংস। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ট্যাকটিশিয়ান মারিও গোমেজ। ৬৮ বছর বয়সী এই কোচকে ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা।
গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় দল এবং জোহর দারুল তাজিমকে কোচিং করিয়েছেন। তার হাত ধরে জোহর প্রথমবারের মতো এএফসি কাপ জয়ের ইতিহাস গড়ে। ইউরোপেও তার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে—ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাজ করেছেন তিনি। সেই সময় স্যামুয়েল এতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও ও হার্নান ক্রেসপোর মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।
খেলোয়াড়ী জীবনে গোমেজ ছিলেন একজন ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তের হয়ে দুবার লিগ শিরোপা জিতেছেন। তবে কোচ হিসেবেই তার নাম বেশি আলোচিত।
এবারই প্রথমবারের মতো লাতিন আমেরিকান কোচ পেল বসুন্ধরা কিংস। স্পেনের অস্কার ব্রুজোন দীর্ঘ ছয় মৌসুম সাফল্যের সঙ্গে কোচিং করার পর গত মৌসুমে দায়িত্ব নেন রোমানিয়ার ভ্যালেরিও তিতা। গোমেজ আসায় কিংসের কোচিং অধ্যায়ে নতুন মাত্রা যোগ হলো।
এর আগেও কিংসের জার্সিতে খেলেছেন আর্জেন্টাইন তারকারা—নিকোলাস দেলমন্তে, হের্নান বারকোস ও সর্বশেষ হুয়ান লেসকানো। এবার তাদের দেশেরই এক কোচের হাতে উঠল দলের দায়িত্ব।





















































