প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
108

প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উপদেষ্টা আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এ সপ্তাহের মধ্যেই যাতে ই-গেট চালু করা যায়, সে চেষ্টা চলছে,’ বলেন তিনি। যাদের ই-পাসপোর্ট আছে, তারা পাসপোর্ট স্ক্যান করেই ই-গেটে প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যে সব বিদেশস্থ বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।’

নির্বাচনকে ঘিরে কোনো সংশয় নেই জানিয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা পেশাদারভাবে দায়িত্ব পালন করতে পারে। গত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের এবার যথাসম্ভব দূরে রাখা হচ্ছে।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

Previous articleরোহিত-কোহলির ব্যর্থতায় ফিরল ভারত, সহজ জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
Next articleএস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here