ভারতের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন—রোহিত শর্মা আর বিরাট কোহলির ফেরাটা কেমন হয়! কিন্তু রোববার পার্থের অপ্টাস স্টেডিয়ামে সেই প্রত্যাবর্তন রঙিন হলো না। বারবার বৃষ্টিবিঘ্নে ছোট হয়ে আসা ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ দুই তারকা। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
২৬ ওভারে সীমিত হয়ে আসা ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে মাত্র ১৩৬ রান। জবাবে ১৩১ রানের লক্ষ্য ২৯ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
সাত মাস পর জাতীয় দলে ফেরা রোহিত করেন ১৪ বলে ৮ রান, আর কোহলি ফেরেন রানের খাতা খোলার আগেই। ভারতের শুরুটা তাই ভয়ানক। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। নতুন অধিনায়ক শুভমান গিলও টিকতে পারেননি (১৮ বলে ১০)।
তবে ইনিংসের শেষ দিকে লড়াইয়ের কিছু ছাপ রাখেন লোকেশ রাহুল (৩১ বলে ৩৮) ও অক্ষর প্যাটেল (৩৮ বলে ৩১)। নতুন মুখ নিতিশ কুমার রেড্ডিও দেখান ঝলক—১১ বলে অপরাজিত ১৯ রান।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, কুনেমান ও অভিষিক্ত ওয়েন নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডকে হারালেও বাকিদের নিয়ে দলকে নিরাপদে পৌঁছে দেন অধিনায়ক মিচেল মার্শ। ৫২ বলে অপরাজিত ৪৬ রানে তিনি ছিলেন দলের জয়ের নায়ক। পাশে ম্যাথু শর্ট, জশ ফিলিপ ও অভিষিক্ত ম্যাট রেনশ জুড়ে দেন কার্যকর ইনিংস।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।





















































