এস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

0
149

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার স্বার্থ–সংশ্লিষ্ট ১০৫টি কোম্পানির ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ হাজার ৩ কোটি টাকা।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক এসব সম্পত্তি অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা শেয়ারের মালিকানা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন।

দুদক মনে করছে, অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব শেয়ার স্থানান্তর হলে সম্পদ উদ্ধার কঠিন হয়ে পড়বে। তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পদ অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত।

এরও আগে, ৯ জুলাই আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। ওই সব হিসাবে প্রায় ১১৩ কোটি টাকার বেশি অর্থ ছিল।

Previous articleপ্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Next articleবাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here