বাড়িভাড়া ২০ শতাংশসহ তিন দফা দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

0
170

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২০ অক্টোবর ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং মূল বেতনের ৭৫ শতাংশ উৎসবভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, আগামীকাল (মঙ্গলবার) শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন।

তিনি বলেন, “আমাদের কর্মসূচি এখন আমরণ অনশনে পরিণত হয়েছে। ইতোমধ্যে চারজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদি এ অনশনে কোনো প্রাণহানি ঘটে, তার দায় শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে নিতে হবে।”

তিনি আরও জানান, যারা ঢাকায় শহীদ মিনারে আসতে পারছেন না, তারা প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
“আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, বাংলাদেশ আগে কখনও তা দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা ‘যমুনা ঘেরাও’ করব,” বলেন তিনি।

১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন টানা নবম দিনে গড়িয়েছে। সেদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেডে শিক্ষকরা সরে যেতে বাধ্য হন।

এর প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলছে। এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে পদযাত্রা, শাহবাগ অবরোধ ও ‘ভূখা মিছিল’সহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

🟩 তিন দফা দাবি সংক্ষেপে:
১️⃣ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা
২️⃣ চিকিৎসাভাতা ১,৫০০ টাকা করা
৩️⃣ উৎসবভাতা মূল বেতনের ৭৫ শতাংশ করা

Previous articleএস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
Next articleঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে গ্রাহককে জানাতে হবে ব্যাংককে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here