আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও দেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন,
“বাংলাদেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড আসেনি। সে কারণে আমরা অন্যান্য দাবির সঙ্গে জোরালোভাবে বলছি যে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে—যেটা এখনও অনুপস্থিত। কমিশন বলছে, কাজ করছে।”
তিনি জানান, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং উৎসবমুখর ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন,
“ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন প্রস্তাব করেছি। সরকার প্রস্তুত হলে এই সময়েই করা যেতে পারে। এমনকি ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।”
তিনি আরও বলেন, “আমরা রেডি আছি। কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত ও দাবিগুলো দিয়েছি, সেগুলো নিশ্চিত করতে হবে। তাহলে প্রতিশ্রুত অনুযায়ী নির্বাচন হবে, না হলে ভালো নির্বাচন হবে না।”
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির পক্ষে মত জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন,
“ফেয়ার ইলেকশন নিয়ে আমরা সবসময় আন্তরিক। আমরা মনে করি, পিআর পদ্ধতি দেশের জন্য কল্যাণকর হবে। এটি সুষ্ঠু নির্বাচনের সহায়ক ও সেরা পদ্ধতি।”
তিনি আরও জানান, জামায়াত ইতোমধ্যেই তিনশ’ আসনে প্রার্থী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছে এবং মাঠে-ময়দানে জনগণের কাছে পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে।






















































