নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২ নভেম্বর ২০২৫, রবিবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে আরও কঠিন করে তুলছে।
রোববার ঢাকায় প্রবাসে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে এমন প্রশ্ন বা সংশয়ের সৃষ্টি হওয়ার কথা ছিল না। কিন্তু এখন জনগণের মধ্যে প্রশ্ন উঠছে— যথাসময়ে নির্বাচন হবে কি না।’
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ‘ফ্যাসিবাদ’ কায়েম করেছিল। এখনো নানা কৌশলে বিএনপির সম্ভাব্য জয় রুদ্ধের চেষ্টা চলছে, যা তাঁর মতে উদ্বেগজনক ও বিস্ময়কর।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখেছে জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি।’
তিনি সতর্ক করে বলেন, ‘গণতন্ত্র উত্তরণের পথে একের পর এক শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘যদি আমরা কৌশল আর প্রতারণার মধ্যে পার্থক্য না করতে পারি, তাহলে শেষ পর্যন্ত অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে।’
তিনি জানান, সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে।
‘৩০০ আসনে মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে,’ বলেন তিনি। ‘যিনি দলের মনোনয়ন পাবেন, তাঁর বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’
তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।’























































