আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দেশটির পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ অন্তত ১০ জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় বোর্ডটি।
তোলো নিউজের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, তালেবান কর্মকর্তাদের দাবি—পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের উরগুন জেলায় বোমা বর্ষণ করেছে। এতে স্থানীয় তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ ও হারুনসহ কয়েকজন নিহত হন।
এসিবি এক বিবৃতিতে জানায়, “পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটাররা শহীদ হয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে হওয়ার কথা ছিল। এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
আফগান অধিনায়ক রশিদ খান এক্সে লিখেছেন, “নিরীহ নারী, শিশু ও তরুণ ক্রিকেটারদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। জাতীয় মর্যাদা সর্বোপরি—এই সিদ্ধান্তে আমি সম্পূর্ণ সমর্থন দিচ্ছি।”
অলরাউন্ডার মোহাম্মদ নবীও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “উরগুনের সাহসী ক্রিকেটারদের মৃত্যু শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য গভীর শোকের।”
সম্প্রতি সীমান্তে কয়েক দিনের সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও শুক্রবারের হামলার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক তালেবান কর্মকর্তা বলেন, “পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, আফগানিস্তান প্রতিশোধ নেবে।”
এই সিরিজেই প্রথমবার পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল আফগানিস্তানের।






















































