নতুন বেতনকাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: কমিশন চেয়ারম্যান

0
79

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে ছয় মাস সময় থাকলেও তার আগেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যবীমা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শুধু বেতন বাড়ালে হবে না, চিকিৎসা ব্যয়ের চাপ কমাতেও ইনস্যুরেন্স চালু করতে হবে।

কমিশন চেয়ারম্যান জানান, মূল্যস্ফীতি ও জিডিপি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী বেতনকাঠামো তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, ভাতা নিরূপণ, পেনশন ও অবসর সুবিধা, গ্রেড ও ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরীকরণের বিষয়েও কাজ চলছে।

উল্লেখ্য, এক দশক পর গঠিত এ কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব খাতের বেতন-ভাতা ও সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে।

আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান উপস্থিত ছিলেন।

Previous articleবাণিজ্য ঘাটতি কমলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা
Next articleদোহায় মুসলিম দেশগুলোর সম্মেলন, আলোচনায় ইসরায়েলি হামলার জবাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here