কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে একত্র হচ্ছেন মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা। আগামীকাল সোমবার শুরু হওয়া এ সম্মেলনে ওআইসি ও আরব লীগের সদস্যসহ বহু দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বলেছেন, দোহায় চালানো হামলা শুধু কাতার নয়, গোটা অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই সম্মিলিত প্রতিক্রিয়ার জন্য কাতার কাজ করবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সম্মেলনে হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। এতে গাজা যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক ঐক্য জোরদারের ওপরও জোর দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্মেলনে যোগ দেবেন।
গত ৯ সেপ্টেম্বর দোহায় ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত ছিলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এ হামলার নিন্দা জানিয়েছে।
এদিকে মুসলিম দেশগুলোর নেতারা দোহায় পৌঁছানোর সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম তীর দখল প্রসঙ্গে আলোচনা করছেন।




















































