আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়বে না।
শুক্রবার (৯ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, সমঝোতায় ভূমি বিনিময়ের বিষয় থাকতে পারে। তিনি বলেন, “উভয় পক্ষের স্বার্থে কিছু ভূমি বিনিময় করতে হবে।”
তবে শনিবার (১০ আগস্ট) জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় জানান, ইউক্রেন সাংবিধানিকভাবে ভূখণ্ড নিয়ে আপস করতে পারে না। “ইউক্রেনীয়রা তাদের ভূমি দখলদারদের উপহার দেবে না,” বলেন তিনি।
জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তিবিরোধী ও অকার্যকর হবে। “তারা কিছুই অর্জন করতে পারবে না। আমাদের সবার সত্যিকারের ও স্থায়ী শান্তি দরকার,” যোগ করেন তিনি।
ক্রেমলিন জানিয়েছে, আসন্ন শীর্ষ সম্মেলনে দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানে মনোযোগ দেবেন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, এটি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও রাশিয়া এতে সক্রিয়ভাবে অংশ নেবে।
পুতিন এর আগে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করেছেন। তবে এসব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো রাশিয়ার হাতে যায়নি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এমন একটি চুক্তি নিয়ে কাজ করছেন, যাতে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। তবে হোয়াইট হাউস ওই প্রতিবেদনের তথ্যকে অনুমানমূলক বলে মন্তব্য করেছে।






















































