জুলাই সনদে অনুপস্থিত দলগুলোর জন্যও স্বাক্ষরের সুযোগ থাকবে: ধর্ম উপদেষ্টা

0
109

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ঐতিহাসিক জুলাই সনদে আজ যারা উপস্থিত থাকতে পারেননি, তারা চাইলে পরবর্তীতে যোগ দিয়ে স্বাক্ষর করার সুযোগ পাবেন।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) আশুলিয়ার পলাশবাড়ি এলাকার সাভার বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে এনসিপি অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তারা আজ অংশ না নিলেও পরবর্তীতে যোগ দেওয়ার সুযোগ আছে। তাদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে। সমঝোতায় পৌঁছানো গেলে তারাও সনদে স্বাক্ষর করবেন। সনদে স্পষ্টভাবে বলা আছে—যারা আজ স্বাক্ষর করতে পারেননি, তারা পরে করতে পারবেন।”

সরকারের মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা—উল্লেখ করে উপদেষ্টা বলেন,
“আমরা এই দেশের অত্যন্ত জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, এমনকি ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। সেই অবস্থায় দায়িত্ব নিয়ে আমরা পনেরো মাস পার করেছি। দিনরাত পরিশ্রম করছি, যেন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। আমরা গৌরবের ভাগীদার হতে চাই।”

‘সেইফ এক্সিট’ নিয়ে এনসিপি নেতা নাহিদের মন্তব্য প্রসঙ্গে খালিদ হোসেন বলেন,
“তিনি কাদের বোঝাতে চেয়েছেন, আমি জানি না। আমি বারবার বলেছি—আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমার ঢাকায় বা চট্টগ্রামে নিজস্ব বাড়ি নেই, আমি ভাড়া বাসায় থাকি। আমি শিক্ষকতা করেছি, বিদেশে থাকারও কোনো ইচ্ছে নেই। এই দেশ আমার, এই দেশ আমাদের।”

তিনি আরও বলেন, “আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে। জুলাই সনদ শুধু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নয়, এটি জাতির ভবিষ্যতের পথনকশা।”

Previous articleনির্বাচনের পথে ‘ঐক্যের সুর’ নিয়ে এগোতে চান প্রধান উপদেষ্টা
Next articleবাংলাদেশ-চীন বাণিজ্যে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব পাকিস্তানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here