জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে এক সমাবেশে তিনি বলেন, “এই দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “গণভোটের ব্যাপারে সব দলই একমত। তাহলে তারিখ নিয়ে গড়িমসি কেন? যখন সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখন গণভোট আগে হওয়াই যৌক্তিক। এর মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে, আর সেই ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”
আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন চায় জামায়াত—এ কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ নিয়ে ধোঁয়াশা বা বিভ্রান্তি সৃষ্টি না করেন।”
তিনি বলেন, “লড়াই করে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করেই জনগণের দাবি আদায় করব। আমাদের এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের—এটি বিপ্লবের দাবি। যতদিন পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, ততদিন আন্দোলন চলবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “সরকারকে জনগণের ভাষা বুঝে অতি দ্রুত গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে।”























































