আপনি ১৭ বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কী হয়েছে’—তারেক রহমানকে মাহমুদুর রহমান

0
125

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘আপনি ১৭ বছর দেশে ছিলেন না। আপনি জানেন না এখানে কী হয়েছে।’ শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘আপনি মনে করছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। কিন্তু বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা নয়। সেই ইতিহাস আমি বর্ণনা করব। ভবিষ্যতে যদি আপনি এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে।’

এ সময় তিনি শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাঁর উপলব্ধি সীমিত ছিল এবং তিনি ফিরে এসেও বিষয়টি গভীরভাবে জানার চেষ্টা করেননি—যার ফলে ইতিহাসের একপেশে বর্ণনা প্রতিষ্ঠিত হয়।

তারেক রহমানকে সতর্ক করে মাহমুদুর রহমান আরও বলেন, ‘আপনি দীর্ঘদিন দেশে ছিলেন না। আপনার আশপাশের লোকজন এবং এখন মিডিয়ার কিছু নতুন বন্ধুরা যা বলছে, সেটাই আপনি শুনছেন।’

এর জবাবে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও তিনি দেশের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রেখেছেন। তিনি বলেন, ‘আমি দেশে অনেকদিন থাকতে পারিনি। কেন থাকতে পারিনি, সে প্রসঙ্গে গেলাম না—কমবেশি সবারই ধারণা আছে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘রুহুল আমিন গাজীর সঙ্গে কী হয়েছে, জেলের মধ্যে তাঁর মৃত্যু, আমার ৬০ লাখ নেতাকর্মী ও আমার মায়ের সঙ্গে কী হয়েছে—সবই আমার চোখের সামনে ভাসে।’

তারেক রহমান আরও বলেন, ‘যাঁরা দেশে ছিলেন, তাঁরা হয়তো কিছুটা বেশি জানবেন। তবে আমি একেবারেই যে জানি না—তা নয়। আমি অবগত আছি।’

Previous articleরাজস্ব আদায় ১৬.৭ শতাংশ বেড়েছে, তবে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন: সিপিডি
Next articleবিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here