বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

0
147

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১২ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (১২ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত তিনি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন। এ পদে তার পদমর্যাদা হবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সমপর্যায়ের।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ২৪(১)(ঘ) অনুযায়ী তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মামুনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এটি একটি সার্বক্ষণিক পদ এবং তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

এর আগে বিএফআইইউর প্রধান ছিলেন শাহিনুল ইসলাম। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নিয়োগ বাতিল করে সরকার।

বিএফআইইউ দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন নজরদারি এবং মানিলন্ডারিং প্রতিরোধে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Previous articleআপনি ১৭ বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কী হয়েছে’—তারেক রহমানকে মাহমুদুর রহমান
Next articleকাল–পরশুর মধ্যে আসন সমঝোতার ঘোষণা ১১ দলীয় জোটের: জামায়াত আমীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here