রাজধানীতে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান জানিয়েছেন -এর ভারপ্রাপ্ত কমিশনার । তিনি বলেছেন, থানায় এসে মানুষ যেন সহজে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন। কমিশনার বলেন, বর্তমানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে এই পরিস্থিতি ধরে রাখতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।
তিনি প্রতিটি এলাকায় ‘ফুট পেট্রোল’ বা পায়ে হেঁটে টহল জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের অপরাধ যেন এলাকায় সংঘটিত না হয়, সে বিষয়ে দায়িত্বশীলদের সজাগ থাকার নির্দেশও দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























































