নিজস্ব প্রতিবেদক
ঢাকা, শনিবার
সারাদেশে বেসরকারি কোচিং সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই ‘ইন-হাউজ’ সহায়ক পাঠদান চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ।
শনিবার কুমিল্লায় নকল প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়ভিত্তিক সহায়ক শিক্ষা কার্যক্রম জোরদার করা হবে। নতুন ব্যবস্থায় কোনো শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, তাকে সেই বিষয়ে আলাদাভাবে পাঠদান করা হবে। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সভায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে নকল প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, পাবলিক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা শিক্ষক নিয়োগ—যেকোনো পরীক্ষায় নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথাও জানানো হয়। শুধু পরীক্ষা নয়, নিয়মিত শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমও এ নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। নতুন পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে সংঘটিত নকল প্রতিরোধ এবং খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে দৈবচয়ন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের পরিকল্পনাও রয়েছে।
সভায় বক্তারা নকল প্রতিরোধ ও শিক্ষার মানোন্নয়নে সমন্বিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যের শেষে শিক্ষামন্ত্রী বলেন, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি।






















































