তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরের বুংগা রায় ভিভিআইপি কমপ্লেক্সে মালয়েশিয়ার চিফ অব প্রোটোকল প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে দেশটির গৃহমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশান বিন ইসমাইলের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। আগামীকাল (মঙ্গলবার) সকালে পুত্রজায়া কমপ্লেক্সে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম প্রথমে ব্যক্তিগতভাবে, পরে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তার সঙ্গে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা, নতুন কর্মসংস্থানের সুযোগ, মালয়েশিয়ায় আরও বাংলাদেশি পেশাজীবী নিয়োগ এবং প্রবাসী কর্মীদের অধিকার ও সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হবে। এছাড়া শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পদক্ষেপ চূড়ান্ত করা হবে।
সরকারি সফরের অংশ হিসেবে ড. ইউনূস মালয়েশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।






















































