বগুড়া প্রতিনিধি
আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে এলিনের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা।
২৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তখনই আলো কমে যায় মাঠে। রিজার্ভ আম্পায়ার লাইট মিটার নিয়ে নামতেই দুই দল হাত মেলিয়ে মাঠ ছাড়ে। পরে বাইলজ অনুযায়ী বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।
ব্যাট হাতে জ্বলে ওঠেন কালাম সিদ্দিকি এলিন। তিনি ১১৯ বলে ১১ চার মেরে করেন ১০১ রান। অপরপ্রান্তে রিজান হোসেন খেলেন ৯৬ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল করে ২৬৫ রান। উজাইরুল্লাহ নিয়জাইর একাই করেন ১৪০ রান।
আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে দুই দল। প্রথম দুটি ম্যাচ বগুড়ায়, বাকি তিনটি হবে রাজশাহীতে।





















































