‘সমস্যাগুলো সমাধান করুন, যাতে সবাই নির্বাচনের দিকে যেতে পারি’ — সরকারকে ফখরুল

0
72

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ ও তার বাস্তবায়ন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি বলেন,
‘আজ দেশে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি এই সংকট কেটে যাবে। যা হওয়ার হয়ে গেছে; আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করেন, যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে যেতে পারি। এই সমস্যার সমাধান করে আমরা যেন জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে এগিয়ে চলুন।’

ফখরুল বলেন, ‘আমরা অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কিন্তু আপনারা যে জায়গা তৈরি করেছেন, তা পরিষ্কার করে দেবেন।’

রাজনৈতিক জীবনে হতাশ নন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন হতাশাবাদী ছিলাম না, রাজনৈতিক জীবনেও হতাশ নই। কারণ আমি বিশ্বাস করি, ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই।’

সব রাজনৈতিক দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, তাকে পরাজিত করতে হবে। এখানে আমাদের ভিন্ন দল, মত বা পথ থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে আমরা সব সময় এক— বাংলাদেশের স্বার্থে, সবার আগে বাংলাদেশ।’

গণসংহতি আন্দোলনের নেতৃত্বে থাকা জোনায়েদ সাকির প্রতি শুভকামনা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি, ঐক্যবদ্ধভাবে আমরা যেন দেশের কল্যাণে কাজ করতে পারি।’

Previous articleএলিনের সেঞ্চুরিতে আলোকস্বল্পতায় জিতল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯
Next articleওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here