ক্লাব বিশ্বকাপে প্রথম রাউন্ডের তিন ম্যাচে মাঠে নামলেও রিয়াল মাদ্রিদ পায়নি তাদের প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপেকে। অসুস্থতার কারণে গ্রুপ পর্বে একাদশের বাইরে থাকা এই ফরাসি তারকা ফিরছেন জুভেন্তাসের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে। আর এমবাপের প্রত্যাবর্তনকে ঘিরেই নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে জাবি আলোনসোর শিষ্যরা।
মঙ্গলবার (২ জুলাই) হার্ড রক স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের বিপক্ষে মাঠে নামবে ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচকে সামনে রেখে সোমবার এক সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জাবি আলোনসো জানান, “এমবাপের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।”
পেটের তীব্র সংক্রমণে (গ্যাস্ট্রোএনটেরাইটিস) ভুগে গ্রুপ পর্বে মাঠের বাইরে ছিলেন এমবাপে। তার সঙ্গে চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার দানি কারবাহাল ও এদের মিলিতাও। এই তিনজনের ফেরা রিয়ালের জন্য যেন বাড়তি অক্সিজেন।
আলোনসো বলেন, “দানি আর মিলিতাও দীর্ঘ সময় ধরে রিহ্যাবে ছিল। এখন তারা ফিরেছে, এটা গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ম্যাচ নির্ধারণকারী মুহূর্তগুলোতে প্রথম একাদশ কিংবা বেঞ্চ—সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রিয়ালের সদ্য দায়িত্ব নেওয়া কোচ জাবি আলোনসোর মূল লক্ষ্য একটি সমন্বিত দল গড়া। তার ভাষায়, “আমরা এমন একটি দল চাই যারা একসঙ্গে লড়বে—বল থাকুক বা না থাকুক। যখন গোটা দল একসাথে কাজ করে, তখন ব্যক্তিগত প্রতিভাগুলো—ভিনিসিয়ুস, এমবাপে, রদ্রিগো, বেলিংহ্যাম—জ্বলে উঠতে পারে।”
অন্যদিকে প্রতিপক্ষ জুভেন্তাস হাল ছেড়ে দিতে রাজি নয়। কোচ ইগর টুডর বলেছেন, “ড্রটা আমাদের পক্ষে ভালো হয়নি, তবে আমরা হাল ছাড়ছি না। আমরা লড়তে এসেছি, প্র্যাকটিস করতে নয়। আমাদের দলে মান আছে, শুধু প্রয়োজন আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও ভাগ্যের সামান্য সহায়তা।”
তিনি আরও যোগ করেন, “রিয়াল এখন জাবি আলোনসোর ছোঁয়ায় কৌশলগতভাবে অনেক পরিণত। তাদের শেষ ম্যাচটি অনেকটাই লেভারকুসেনের মতো লাগছিল—ছন্দ, গঠন, আক্রমণের ধরণ সবই মিলছে। তবে কিছু দুর্বলতা রয়েছে, যেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো।”
সব মিলিয়ে এমবাপে-ভিনিসিয়ুস-রদ্রিগোদের নিয়ে পূর্ণশক্তির রিয়াল এবং ঐতিহ্যবাহী লড়াকু জুভেন্তাসের মুখোমুখি লড়াই রূপ নিতে পারে এক টান টান উত্তেজনাপূর্ণ ক্লাসিকে।





















































