নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ | ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার রাত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিলেন, গণঅভ্যুত্থানের পর ১৫ মাসেও তা পূরণ হয়নি। তিনি বলেন, “আগে শামীম ওসমানের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা চাঁদা নিত। এখনো কেউ না কেউ চাঁদা নিচ্ছে।”
আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে, তার ফয়সালা হবে এ নির্বাচনে। ভালো মানুষকে ভোট দিলে দেশের ভালো হবে। পেশিশক্তি, কালো টাকা, মাফিয়া ও দুর্বৃত্তদের রাজনীতি টিকবে না।”
নারায়ণগঞ্জের তরুণদের প্রশংসা করে তিনি বলেন, “এখানে অনেক সংগ্রামী তরুণ আছেন, যারা শামীম ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা করে হাসিনার পতনের আন্দোলনে অংশ নিয়েছেন। মানুষের সমর্থন পেলে তারাই আগামীর জনপ্রতিনিধি হবেন।”
তিনি অভিযোগ করেন, মাদক ও চাঁদাবাজি এখনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় চলছে। বলেন, “শুধু ব্যক্তি পাল্টায়, দৃশ্যপট পাল্টায় না। চাঁদাবাজি, দখলবাজি বন্ধে রাজনৈতিক কমিটমেন্ট দরকার, কিন্তু কেউ সেটা চায় না। সবাই ভোটকেন্দ্র দখলের রাজনীতি করে।”
গণঅধিকার পরিষদ এখনো কারও সঙ্গে নির্বাচনী জোট করেনি জানিয়ে নুর বলেন, রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান বিবেচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
সমাবেশে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।























































