স্টাফ রিপোর্টার
আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনা, দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভাসহ তফসিলের আগে-পরে প্রয়োজনীয় সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।”
আখতার আহমেদ আরও জানান, সাংবাদিকদের সঙ্গে শিগগিরই একটি বৈঠক করবে ইসি, যাতে গণমাধ্যমকর্মীরা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারেন।
তিনি বলেন, “বর্তমান কমিশন ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা করেছিল। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় ধরে এখন নতুনভাবে সেই পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে।”
এ প্রসঙ্গে আগামী ১৮ আগস্ট কমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান ইসি সচিব।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন—অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানো হবে, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।






















































