বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় পুলিশের হটলাইন: বিডার বিশেষ উদ্যোগ

0
117

বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি যোগাযোগ হটলাইন চালুর ঘোষণা দিয়েছে পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি পুলিশকে জানাতে এবং তাৎক্ষণিক সহায়তা পেতে পারবেন।

বৈঠকে নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ প্রধান বিদেশি কোম্পানিগুলোর নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, “এই বৈঠক কেবল প্রতীকী নয়; এটি একটি শক্তিশালী বার্তা যে বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে রয়েছে। আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, তবে মানুষের জীবিকা ও প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করা কোনো সমাধান নয়।”

আইজিপি বাহারুল আলম জানান, পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি যোগাযোগ হটলাইন চালু করা হবে, যা নিরাপত্তাজনিত সমস্যা দ্রুত সমাধানে সহায়তা করবে। তিনি বলেন, “আমরা প্রতিক্রিয়ার জন্য আসিনি, বরং স্থায়ী আস্থার ভিত্তি গড়তে এসেছি।”

বৈঠকে নতুন নিরাপত্তা প্রটোকল, র‍্যাপিড রেসপন্স ইউনিট এবং উন্নত সংকট-যোগাযোগ ব্যবস্থার বিষয়ে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

বিডার চেয়ারম্যান উল্লেখ করেন, “সরকার শুধু ভালো সময়ে নয়, প্রতিকূল অবস্থাতেও বিনিয়োগকারীদের পাশে থাকবে। এই আলোচনা প্রতিক্রিয়া নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থার সূচনা।”

বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করেন এবং বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এই উদ্যোগ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে টেকসই ও নিরাপদ করতে বিডার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

Previous articleদায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে
Next articleকাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here