বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬
প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরের বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ সফরের আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।
তারেক রহমানের সফরকে ঘিরে বরিশালে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। জনসভাকে সফল করতে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে একটি কর্মিসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।























































