ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণে স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। আবেদনে কোন কোন সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থানীয় পর্যবেক্ষণ করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
নির্বাচন কমিশন জানায়, নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে হার্ডকপি জমা দিতে হবে। অনুমোদন পেলে পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও যানবাহনের জন্য স্টিকার দেওয়া হবে।
পরিচয়পত্র ও স্টিকার সংগ্রহের সময় পর্যবেক্ষকদের এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ফরম ইও-২ ও ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।























































