বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা থেকেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতা আবারও এক ‘হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে’ পরাস্ত করেছে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের ‘শত্রু’। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর এখন গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এবং রাষ্ট্র–সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
বাণীতে তিনি স্মরণ করেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র–জনতার আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটে। তাঁর দাবি, সেই অর্জিত গণতন্ত্রের চেতনা থেকেই ২০২৪ সালের আন্দোলন সফল হয়েছে।
১৯৮২ সালে এরশাদের ক্ষমতা দখলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর পর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া নয় বছর আপোষহীন আন্দোলন করেছেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিনের নির্যাতনে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে।’ এসময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
সবশেষে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।























































