পুলিশ কমিশন গঠনে খসড়া অধ্যাদেশের অনুমোদন

0
120

সরকার পুলিশকে আরও জনবান্ধব, আধুনিক ও জবাবদিহিমূলক করতে পাঁচ সদস্যের একটি পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশন অধ্যাদেশ–২০২৫–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।

উপদেষ্টা জানান, কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি। সদস্য হিসেবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের কর্মকর্তা, একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।

রিজওয়ানা হাসান বলেন, পুলিশকে প্রভাবমুক্তভাবে কাজ করতে সহায়তা, প্রয়োজনীয় সংস্কার, প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং মানবাধিকার সংবেদনশীলতা বৃদ্ধির বিষয়ে কমিশন সরকারকে সুপারিশ করবে। পুলিশের বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ ও পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগ—উভয়ই অনুসন্ধান ও নিষ্পত্তির দায়িত্বও কমিশনের ওপর থাকবে।

তিনি আরও জানান, কমিশনের সুপারিশ সরকারকে বাধ্যতামূলকভাবে মানতে হবে—এমন কোনো বিধান রাখা হয়নি।

এ ছাড়া বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ–২০২৫–এর সংশোধন প্রস্তাব, হাইটেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, এবং বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার অধ্যাদেশ নীতিগত অনুমোদন পায়।

পোস্টাল ভোট গ্রহণ, ব্যালট বাতিলের নীতিমালা, এবং হাইটেক পার্কে ৫ বছর ধরে কোনো কাজ না করা উদ্যোক্তাদের জমি বরাদ্দ বাতিলের বিষয়গুলোও সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্নে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি জানান, খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে; অন্য কাউকে এ মর্যাদা দেওয়া হয়নি।

Previous articleখালেদা জিয়ার বিদেশ ভ্রমণের সব প্রক্রিয়া সম্পন্ন: ফখরুল
Next articleতারেক রহমানের দাবি: ‘৯০–এর চেতনায় ২৪–এ ফ্যাসিস্ট শক্তির পতন’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here