নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করে নির্বাচনে অংশ নিলেও এখন থেকে প্রার্থীকে তার নিজ দলের প্রতীকেই ভোটে লড়তে হবে।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও)’ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করেছে।
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য কোনো দলের প্রতীকে ভোট করতে পারবেন না।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিএনপি জোট প্রতীকের বিধান নিয়ে আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি জানায়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত সব আইন সংস্কার সম্পন্ন করেছে সরকার। ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র ও পর্যবেক্ষক নীতিমালাসহ বিভিন্ন বিধিমালা হালনাগাদ করা হয়েছে।
নির্বাচন কমিশন এখন সংশোধিত আরপিও অনুযায়ী দ্রুত দল ও প্রার্থীদের আচরণবিধি জারি করবে।
সংশোধিত আইনে বলা হয়েছে, যদি দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে কোনো প্রার্থী মনোনীত করে, তবে সেই প্রার্থীকে তার নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। তবে নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে জোটের অংশীদার দলগুলো আবেদন করলে নির্দিষ্ট দলের প্রতীক জোটগতভাবে ব্যবহারের অনুমতি পেতে পারে। এই আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে করতে হবে।























































