বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে ধানের শীষের জয়গান উঠেছে, আর সেটিকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, “ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা পালিয়ে যেতে বাধ্য হবে।”
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ নাজিরউদ্দিন জহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “ভাই, আমরা তো তোমাদের মার্কায় বাধা দিইনি। কোন মার্কা দেওয়া হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তাহলে বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন?”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “মনস্টার হাসিনা দেশের সব কিছু তছনছ করে দিয়েছে—বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা—সব জায়গায় ধ্বংস নেমেছে।”
গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একমাত্র পথ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “যতই সংস্কার করি বা কৌশল নিই, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।”
ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী। তারা বহুবার লড়েছে, রক্ত দিয়েছে, হোঁচট খেয়েছে—কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছে, লড়াই করেছে, জয় পেয়েছে।”
আলোচনায় ৯০-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারাও অংশ নেন।























































