১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান

0
191

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, আগামী নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিতে পারেন তিনি।

ফেরার আগে তারেক রহমান সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করবেন বলে জানা গেছে। এজন্য জাপান থেকে আনা হচ্ছে তাঁর ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি।

দলীয় কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।”

তারেক রহমান বর্তমানে লন্ডনের দক্ষিণ-পশ্চিমের শহরতলি কিংস্টনে বসবাস করছেন। ২০০৮ সালের নির্বাচনের পর নিরাপত্তা আশঙ্কায় সেখানেই স্বেচ্ছানির্বাসনে যান তিনি। এত বছরেও তিনি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেননি।

সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের একটি দল তাঁর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে, যাতে তাঁকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়।

খালেদা–তারেকের জন্য নতুন বুলেটপ্রুফ গাড়ি

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নতুন একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিএনপির আবেদনের পর নিরাপত্তা যাচাইয়ের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। গাড়িগুলো জাপান থেকে আনা হবে।

নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

সরকারি এক কর্মকর্তা বলেন, “তারেক রহমান দেশে ফিরলে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেবে। বিএনপির যৌক্তিক অনুরোধ বিবেচনা করা হবে।”

বিএনপি নেতাদের মতে, ২০২৪ সালের আগস্টের ঘটনার পর দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে দলটি গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চায়।

দলের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, “তারেক রহমান দেশে ফিরলে তিনি সক্রিয় ভূমিকা নেবেন। এই সময় নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

Previous article‘ধানের শীষ জিতে গেলে ষড়যন্ত্রকারীরা পালাবে’ — ফখরুল
Next articleজনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here