কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী পরিচালক রবার্ট রেডফোর্ড ৮৯ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার নিজ বাড়ি ‘অ্যাট সানড্যান্স ইন দ্য মাউন্টেনস অব উটাহ’-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার শোকের সময় একান্ততায় কাটাতে চায়।
১৯৫০-এর দশকে মঞ্চে ক্যারিয়ার শুরু করা রেডফোর্ড ৬০-এর দশকে টেলিভিশনে কাজ শুরু করেন। ‘ওয়ার হান্ট’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রবেশ করেন। ১৯৭৩ সালে ‘দ্য স্টিং’-এ অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পান।
পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৮০ সালে ‘অর্ডিনারি পিপল’-এর মাধ্যমে, যা চারটি একাডেমি অ্যাওয়ার্ড জিতে নেয়ার পাশাপাশি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে সম্মান জিতেছিল। ২০০২ সালে তাকে অনারারি লাইফটাইম এচিভমেন্ট অস্কার দেওয়া হয়।
রেডফোর্ড সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৮ সালে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’-এ অভিনয় করেন, যা তার পর্দায় শেষ চরিত্র হিসেবে চিহ্নিত হয়।
ব্যক্তিগত জীবনে তিনি দুই বিয়ে করেছেন; সর্বশেষ বিয়ে হয় সিবেল স্যাগার্সের সঙ্গে। চার সন্তানের মধ্যে দুই ছেলে মারা গেছেন, দুই মেয়ে এখনও জীবিত। তার মেয়েরা শিল্প ও চলচ্চিত্র জগতে নিজের স্থান তৈরি করেছেন।






















































