বিনোদন ডেস্ক
ঢাকা | ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
‘দ্য স্টিং’ আর ‘বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’-এর মতো ক্লাসিক সিনেমায় অভিনয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া হলিউড আইকন রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উটাহ অঙ্গরাজ্যের নিজের প্রিয় বাড়ি ‘সানড্যান্স ইন দ্য মাউন্টেনস’-এ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।
রেডফোর্ডের জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্জার জানান, পরিবারের ঘনিষ্ঠদের পরিবেষ্টিত হয়েই বিদায় নেন তিনি। তার শূন্যতা বিশ্ব চলচ্চিত্র অঙ্গন গভীরভাবে অনুভব করবে বলে মন্তব্য করেন তিনি।
অভিনয় থেকে পরিচালনায় সাফল্য
লস অ্যাঞ্জেলসে জন্ম নেওয়া রেডফোর্ড ১৯৫০-এর দশকে মঞ্চে অভিনয় শুরু করেন। এরপর ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় অভিষেক হয় ‘ওয়ার হান্ট’ চলচ্চিত্রে। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং-এ অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পান তিনি।
পরিচালক হিসেবেও রেডফোর্ড ছিলেন সমান সফল। ১৯৮০ সালে নির্মিত অর্ডিনারি পিপল একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কারসহ চারটি অস্কার জেতে।
আজীবন অবদান
২০০২ সালে তাঁকে দেওয়া হয় অনারারি লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার। স্বাধীন চলচ্চিত্রের প্রসারে প্রতিষ্ঠা করেন বিশ্বখ্যাত সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল।
২০১৮ সালে ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ চলচ্চিত্রে অভিনয়কে নিজের শেষ চরিত্র ঘোষণা করেন তিনি।
ব্যক্তিজীবন
রেডফোর্ড প্রথমে লোলা ফন ওয়াগনেনকে বিয়ে করেছিলেন। চার সন্তানের মধ্যে দুই ছেলে আগেই মারা যান। মৃত্যুর সময় বেঁচে ছিলেন দুই মেয়ে—শনা ও এমি; দুজনই শিল্প ও চলচ্চিত্রে যুক্ত। ২০০৯ সালে দ্বিতীয় স্ত্রী সিবেল স্যাগার্সকে বিয়ে করেছিলেন তিনি।
চলচ্চিত্রের পর্দায় ও ক্যামেরার পেছনে সমান দ্যুতি ছড়ানো রবার্ট রেডফোর্ডের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে।






















































