২৪ নভেম্বর ২০২৫, সোমবার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নিজেদের সম্পদ বিবরণী দাখিল করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
সোমবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে গণশুনানি শেষে বেলা তিনটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা যদি সম্পদের বিবরণী দেন, তা তাদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেবে। আমি আশা করি, তারা এটি দাখিল করবেন।’
নির্বাচন সামনে রেখে স্বচ্ছ ও সৎ জন প্রতিনিধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা যাদের সংসদে পাঠাব, তাদের দেখে–শুনে পাঠাব। খারাপ লোক নির্বাচিত করলে খারাপ ফলই পাব। ভালো লোক নির্বাচিত হলে ভালো প্রশাসক পাব।’
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সম্পদের ‘গোঁজামিল’ দিয়ে নমিনেশন টিকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ‘সেই সময় যদি সম্পত্তির সঠিক হিসাব নেওয়া যেত, তাঁর নমিনেশন বাতিল হতে পারত। তাহলে তিনি এমপি-প্রধানমন্ত্রী কেউই হতে পারতেন না।’






















































