এশিয়া কাপে হাত না মেলানো থেকে ম্যাচ বর্জনের হুমকি

0
118

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন না করার ঘটনাকে ঘিরে একের পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণের দাবি তোলে। তবে আইসিসি সে দাবি নাকচ করে দেয়। ফলে পাকিস্তানের ম্যাচ বর্জনের হুমকিতে পড়ে যায় পুরো টুর্নামেন্ট।

শেষ পর্যন্ত পরিস্থিতি খানিকটা শান্ত হলেও পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর সময় পিছিয়ে যায় এক ঘণ্টা।

কীভাবে শুরু হলো ঘটনাপ্রবাহ

১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আগা একে অপরের সঙ্গে হাত মেলাননি। খেলা শেষে পুরো ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানায়। সূর্যকুমার জানান, সিদ্ধান্তটি বিসিসিআই ও ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ম্যাচ রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। তারা দাবি করে, পাইক্রফটই নাকি সালমানকে সূর্যকুমারের সঙ্গে হাত না মেলাতে বলেন।

পিসিবির কড়া অবস্থান

পাকিস্তান বোর্ড আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়ে জানায়, পাইক্রফটকে অবিলম্বে সরাতে হবে। অন্যথায় তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে না। শুধু তাই নয়, পাকিস্তান দল সংবাদ সম্মেলনও বাতিল করে।

শেষ মুহূর্তের সমাধান

১৭ সেপ্টেম্বর নাটকীয় টানাপোড়েন শেষে দেরিতে হলেও পাকিস্তান দল হোটেল ছাড়ে। এসিসি ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়। পাইক্রফটই থাকেন ম্যাচ রেফারির দায়িত্বে। পাকিস্তান বোর্ডের দাবি অনুযায়ী, তিনি অধিনায়ক সালমান ও দলের ম্যানেজারের কাছে ক্ষমা চান।

এশিয়া কাপে এমন উত্তেজনা ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে নতুন মাত্রা যোগ করেছে ভারত–পাকিস্তান দ্বন্দ্বে।

Previous articleবেনফিকার কোচ হচ্ছেন মরিনহো!
Next articleডেলটা ফার্মা ৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, বেজার সঙ্গে লিজচুক্তি সই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here