রাজনীতিতে মতবিরোধ থাকলেও তা যেন সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে বিএনপির কার্যালয়ে যান এনসিপি নেতারা।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা চালু রাখাই ছিল দলের লক্ষ্য। তিনি বলেন, ‘নাগরিক পার্টির তরুণেরা দেখিয়ে দিয়েছে, রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, তবে তা হবে সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মধ্য দিয়ে অতীতের অগণতান্ত্রিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে। সুস্থ রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটানো সম্ভব।’
এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র ক্ষুণ্ন করেননি, গণতান্ত্রিক সংস্কৃতিও ধ্বংস করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য ছাড়া আমরা যে বাংলাদেশ চাই, তা অর্জন সম্ভব নয়। রাজনৈতিক সৌহার্দ্য গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।’
তিনি আরও যোগ করেন, একসঙ্গে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে সব ষড়যন্ত্র মোকাবিলা করা যাবে।























































