‘নির্বাচন না হলে দায় আমাদের নয়’ — সিইসি

0
266

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে। তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন না হলে তার দায় যেন আমাদের ওপর না আসে, সে কারণেই আমরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি।”

আজ সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সিইসির কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা। তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জ্যাকবসন, তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেবল সিইসি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি বলেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ওয়াদাবদ্ধ। প্রধান উপদেষ্টাও একই প্রতিশ্রুতি দিয়েছেন। তারা (মার্কিন কূটনীতিকরা) আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “এটা বিশেষ পরিস্থিতি ও বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা রমজানের আগেই ভোটের কথা জানিয়েছেন। আমরা আগেই প্রস্তুতি শুরু করেছি, যাতে কেউ না বলতে পারে প্রস্তুতির ঘাটতি আছে। কোনো ধরনের দায় নিতে আমরা রাজি নই।”

সিইসি জানান, নির্বাচনের সময় অস্থিরতা সৃষ্টি করা গোষ্ঠীগুলোকে ভোটকেন্দ্রের সময়ে পাওয়া যাবে না। তিনি বলেন, “ঢাকা শহরও ভোটের সময় ফাঁকা হয়ে যায়। যারা মব কালচার তৈরি করে, তারাও সরে যায়।”

গুজব প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “এই দেশটা গুজবের দেশ। আমি বলেছি, গুজব কান না দিতে। তারা চান গুজব দূর হোক, আমরাও চাই। তবে গুজবকে পাত্তা না দেওয়াই উত্তম।”

Previous articleভিন্নমতের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ আলোচনার আহ্বান সালাহউদ্দিন আহমদের
Next articleচবি সংঘর্ষ: মামলাসহ প্রশাসনের আট সিদ্ধান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here