১৮ বছরের অপেক্ষার ফয়সালা আজই: ফাইনালে পাঞ্জাব বনাম আরসিবি

0
154

আইপিএলের ১৮তম আসর। বিরাট কোহলির জার্সি নম্বরও ১৮। আর এই দুই ‘আঠারো’ ঘিরেই স্বপ্নে বিভোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সমর্থকেরা। তারা ভাবতেই পারছে না, এত দিনের প্রতীক্ষার অবসান এবার বুঝি সত্যি হতে চলেছে! তবে একি, প্রতিপক্ষ পাঞ্জাব কিংসও তো ১৮ বছর ধরেই এই ট্রফির জন্য অপেক্ষা করছে!

আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই ‘অপেক্ষার দল’। একপাশে কোহলির আরসিবি, অন্য পাশে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব।

কে এগিয়ে?

প্রথম কোয়ালিফায়ারে আরসিবি হারিয়েছিল পাঞ্জাবকে, যা তাদের কিছুটা মানসিক শক্তি জোগাবে ঠিকই। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব যেভাবে আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে, তাতে তাদের হালকা করে দেখার সুযোগ নেই মোটেও।

পাঞ্জাব: শ্রেয়াসে ভর করে এগিয়ে

পাঞ্জাবের মূল চালিকাশক্তি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি খেলেছেন অসাধারণ এক ইনিংস—যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা। পুরো আসরে ১৭০-এরও বেশি স্ট্রাইকরেটে করেছেন ৬০০+ রান। গত বছর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে আইপিএল জেতানো অভিজ্ঞতা তো আছেই।

পাঞ্জাবের কোচ রিকি পন্টিং অজি মানসিকতা ছড়িয়ে দিয়েছেন দলে, তবে তাদের ব্যাটিং লাইনআপে ভারতীয় তরুণদের উপরই ভরসা। প্রিয়াংশু আর্য, প্রভাসিমরন, শশাঙ্ক সিং ও নেহাল ওয়াধেরা—এরা সবাই নিজেদের দিনে ম্যাচ জেতাতে সক্ষম। বিদেশিদের মধ্যে আছেন জস ইংলিস ও মার্কাস স্টয়নিস। ইংলিস তিনে খেলছেন, আর স্টয়নিস নিচে নেমে থাকেন বিধ্বংসী ভূমিকায়।

আরসিবি: কোহলির জন্য এক নতুন ইতিহাসের খোঁজে

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব অর্জনই আছে বিরাট কোহলির ঝুলিতে, কিন্তু আইপিএল ট্রফির জায়গাটি এখনও খালি। সেটি পূরণ করতেই যেন এ বার মরিয়া হয়ে লড়ছে আরসিবি। প্রথম কোয়ালিফায়ারে জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই দলের বড় শক্তি—বহু তারকা একসঙ্গে জ্বলে উঠছে। কখনও কোহলি, কখনও দিনেশ কার্তিক, কখনও বা বোলিংয়ে উজ্জ্বল জশ হ্যাজেলউড। অজি এই পেসার আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে, এবং তার উপরই বড় ভরসা রাখছেন বেঙ্গালুরু সমর্থকেরা।

আরসিবির অধিনায়ক রজত পাতিদার হয়তো অভিজ্ঞতার দিক থেকে শ্রেয়াস আইয়ারের সমকক্ষ নন, তবে তার পেছনে আছেন কোহলির মতো শক্তিমত্তার প্রতীক—যিনি মাঠে নেতৃত্ব না দিলেও মাঠের বাইরেও দলে ছড়িয়ে দিচ্ছেন অনুপ্রেরণা।

আবহাওয়ার চোখ রাঙানি

আজকের ফাইনালে বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য মূল সময়ের বাইরে অতিরিক্ত ১২০ মিনিট রাখা হয়েছে। তবু খেলা না হলে আগামীকাল রিজার্ভ ডে রাখা হয়েছে।


Previous articleনতুন পারমাণবিক চুক্তির প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধির সীমিত অনুমতি
Next articleডিজিটাল ওয়ালেট খাতে নতুন মুখ: পিএসপি লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের ‘সমাধান সার্ভিসেস’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here