ঢাকা, ২৫ জুন:
জাতীয় সংসদ নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
আযাদ বলেন, “এটি কেবল এখনকার দাবি নয়, ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। নির্বাচন যেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া উচিত।”
দলীয় নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার পর এই প্রথম নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিল জামায়াত।
বৈঠকে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাক ও অনলাইন ভোটব্যবস্থা চালুর প্রস্তাবও তুলে ধরেছে জামায়াত।
ইসির প্রতি আস্থা আছে কি না জানতে চাইলে আযাদ বলেন, “আমরা এখনো পর্যবেক্ষণে আছি। সঠিক কাজকে স্বীকার করব, বিচ্যুতি হলে আওয়াজ তুলব।”






















































