রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টায় তারেক রহমান প্রথমে ডা. শফিকুর রহমানের বাসায় যাবেন। এরপর রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।
নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।





















































