রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।
বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এপিএইচআরের প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়।
এপিএইচআরের সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে আসিয়ান-নেতৃত্বাধীন উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি আসিয়ান-বাংলাদেশ-চীনকে নিয়ে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় রাজনৈতিক সম্মেলন আয়োজন করা জরুরি।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানের অংশ না হওয়ায় রোহিঙ্গা ইস্যু আলোচনায় তুলতে পারছে না। অথচ এ সংকট সমাধান বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তিনি আসিয়ান সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং এপিএইচআরের কাছে বাংলাদেশকে আমন্ত্রিত দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই আসিয়ানকে এ বিষয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।






















































