মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬, বিষাক্ত গ্যাসে মৃত্যুর আশঙ্কা

0
162

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। রাসায়নিকের গুদাম ও পাশের পোশাক কারখানায় আগুনের ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার রাতে জানান, “প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও ৭ জনের মরদেহ পাওয়া গেছে। আমাদের অভিযান এখনো চলছে।”

আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রা জানান, আগুনটি মূলত রাসায়নিকের গুদাম থেকেই ছড়িয়ে পড়ে।

বিষাক্ত গ্যাসে মৃত্যু

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বেশ কয়েকজনের মৃত্যু বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে। চারতলা কারখানার ছাদে যাওয়ার দরজাটি তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেননি।”

তিনি আরও বলেন, গুদামে ছয় থেকে সাত ধরনের রাসায়নিক—ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইডসহ বিপজ্জনক পদার্থ—সংরক্ষিত ছিল। ফলে এখনো এলাকা ঝুঁকিপূর্ণ।

অভিযান চলছে

তাজুল ইসলাম জানান, “আমাদের অভিযান অব্যাহত আছে। গুদামের ভেতর প্রবেশ করা এখনো বিপজ্জনক, তাই ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মরদেহ অনুসন্ধান করা হচ্ছে।”

রাসায়নিক গুদাম ও আশপাশের এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় পাশের দুটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরাও অংশ নিয়েছেন।

শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

Previous articleপল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ২য় সভা অনুষ্ঠিত: ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে কৌশলগত আলোচনা
Next articleজুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া চূড়ান্ত, বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষার অঙ্গীকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here