বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
ওয়াশিংটন থেকে মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় তিনি বলেন, “২৯ জুলাই ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে বলে আমরা ধারণা পেয়েছি। তবে সঠিক হার এখনই বলা সম্ভব নয়।”
তিনি আরও জানান, আজ ও আগামীকালও আলোচনা চলবে এবং বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসবে বলে আশা করছেন।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গী হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।
শুল্ক আলোচনা সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি।
বাংলাদেশ ইতিমধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলার মূল্যের গম, ডাল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ২৫টি বোয়িং বিমান কেনা ও বেসরকারি খাতের মাধ্যমে তুলা, গম, সয়াবিন, ডাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।



















































