২০২১ সালের সেপ্টেম্বরে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ও উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলর। কিন্তু এর কিছুদিন পরই আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের অভিযোগে তিনি সাড়ে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে ২৫ জুলাই। আর এতেই ফেরার পথ খুলেছে টেইলরের। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য তাকে স্কোয়াডে যুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বুলাওয়ায়োতে ৭ আগস্ট শুরু হবে সেই ম্যাচ।
জিম্বাবুয়ে ক্রিকেটের দেওয়া বিবৃতিতে টেইলর বলেন, “আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু ফের মাঠে ফিরতে পারা আমার জন্য বিশাল কৃতজ্ঞতার বিষয়।”
২০০৪ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে টেস্ট অভিষেক হয়েছিল তার। দীর্ঘ ক্যারিয়ারে টেস্টে করেছেন ২৩২০ রান, গড় ৩৬.২৫। জিম্বাবুয়ের হয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ড বিশেষ উল্লেখযোগ্য—ছয়টি সেঞ্চুরির পাঁচটিই এসেছে টাইগারদের বিপক্ষে।
২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষেই তার সর্বশেষ টেস্ট ছিল হারারেতে। নিষেধাজ্ঞা শেষে আবারো জিম্বাবুয়ের হয়ে মাঠে নামছেন তিনি।





















































